রোহিঙ্গাদের প্রতি কোনো ধরনের ভেদাভেদ না করে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য ও মানবাধিকার বিশেষজ্ঞরা।

কক্সবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ সিস্টেম ডেভেলপমেন্টের প্রাক্তন পরিচালক ড. সুলতানা খানম বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে থাকুক বা ক্যাম্পের বাইরে, সবার জন্য একই ধরনের অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। যতদিন তারা থাকবে, ততদিন তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী ও আলোকচিত্র সাংবাদিক ড. শহিদুল আলম বলেন, রোহিঙ্গারা এখনও নিজ দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ পায়নি। বাংলাদেশ অতীতেও তাদের পাশে ছিল এবং মানবতার দাবি- এ সমর্থন আরও জোরদার করতে হবে। তার মতে, বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও এখন সময়ের দাবি।

বুধবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া জানান, তাদের ‘গ্লোবাল ফাইভ জিরো’ ক্যাম্পেইনের অধীনে রোহিঙ্গাদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিদ্যালয় পুনরায় চালুর উদ্যোগ শুরু হয়েছে। ইতোমধ্যে তিন দিনে প্রায় ৮০০ রোগীকে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। এ সেবায় চারজন অভিজ্ঞ চিকিৎসক ও ১৬ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।

বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি বিষয়।