ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, Emirates–এর ফ্লাইট (ইকে–৫৮৩) যোগে তিনি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দেন। তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়েজ আহমদ নেদারল্যান্ডসের নাগরিক। তিনি বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান VodafoneZiggo–তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন Nahid Islam। পরবর্তীতে মন্ত্রণালয়টি শূন্য হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক দেশত্যাগকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে দেশি-বিদেশি বিভিন্ন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।