বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কিছু চ্যানেল ও টক-শোতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। 
এসব তথ্যকে ‘ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২১ মে) ২৪টি ভুয়া শিরোনাম ও সংবাদের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, এসব খবরের কোনো ভিত্তি নেই এবং এগুলো বাংলাদেশের স্থিতিশীলতা ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস।
প্রকাশিত ভুয়া খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার! ভারত কী করবে?’ (আজ-তাক বাংলা), ‘বাংলাদেশের বড় সেনাকর্তাকে সাজা, ওয়াকুর উজ্জামানকে খতমের প্ল্যান করেছিল?’, ‘ঢাকায় এবার সামরিক শাসন? কোন পথে ওয়াকার উজ জামান?’ (কলকাতা নিউজ), ‘অশান্তি অব্যাহত ক্যান্টনমেন্টের অন্দরে, গ্রেপ্তার হবে সেনাপ্রধান ওয়াকার।’ (নিউজ বর্তমান)।
এছাড়া দেশ-বিদেশের কিছু ইউটিউবারও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে জড়িত বলে ফেসবুক পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে।
যদিও সেনাবাহিনী শুধুমাত্র ‘ফেক কার্ড’ হিসেবে শিরোনামগুলো প্রকাশ করেছে, তবে এর পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত—সে বিষয়ে সরাসরি কিছু জানায়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব প্রচারণা উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির একটি চেষ্টার অংশ হতে পারে।

-পার্বত্য সময়