দেশের আট বিভাগের নয়টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে এবং সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা তাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্মসূচির প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচিত এলাকার সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের আট বিভাগের নয়টি উপজেলার নির্ধারিত ব্লকে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, শিবগঞ্জ, পঞ্চগড় সদর, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা সদর এবং টেকনাফ।

প্রেস সচিব আরও জানান, প্রাক-পাইলট ও পাইলট ধাপ শেষ হওয়ার পর ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।