রাখাইনে জাতিসংঘ দুর্ভিক্ষের আভাস দেওয়ার পর থেকেই বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে ঢাকাকে সর্তক হওয়ারও পরামর্শ দেন তারা।
বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলে। এতে নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। এ জন্য জাতিসংঘসহ আঞ্চলিক জোটের ওপর চাপ বাড়াতে তাগিদ দিতে হবে। এখন আর মানবিক হওয়ার সুযোগ নেই।
ইউএনডিপির প্রতিবেদনে বলা হচ্ছে, রাখাইনে বীজ ও সার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি না বদলালে মার্চ-এপ্রিল নাগাদ, চাহিদার তুলনায় উৎপাদন ৮০ শতাংশ কম হতে পারে। এতে ২০ লাখের বেশি মানুষ অনাহারে ভুগতে পারে।
এই পরিস্থিতিতে রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর ইন্ডিপেনডেন্ট টিভিকে বলেন, ‘যদি নতুন করে একটা ইনফ্লাক্স (মানুষের ঢল) হয়, সে ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে পক্ষেরই থেকে থাকুক না কেন, বাংলাদেশের ক্ষেত্রে সেটি মোকাবিলার জন্য কিন্তু আইনশৃঙ্খলার ক্ষেত্রেও আরেকটি নতুন সংকট তৈরি হতে পারে। আঞ্চলিকভাবেও সেটার একটা সম্ভাবনা থাকতে পারে।’
গণমাধ্যমটি আন্তর্জাতিক সর্ম্পক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ উদ্ধৃতি করে বলে, ‘কোনো দেশে যদি ফ্যামিন (দুর্ভিক্ষ) হয়ে থাকে তাহলে, সেটি সেই দেশের রীতিমতো দায়িত্ব। সেই হিসেবে যারা মিয়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের এটা বড় দায়িত্ব বলে আমি মনে করি।’
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বড় একটা সুযোগও কিন্তু তৈরি হয় মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি, যারা মূলত আরাকানের শতকরা ৭০ ভাগের মতো ক্ষমতা তাদেরই হাতে বলা হয়, তাদের সাথেও নেগোসিয়েশনে বসা।’
বিপর্যয় মোকাবিলায় ঢাকাকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটি সুযোগ তৈরি হয়েছে।
-পার্বত্য সময়


