বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো ল'হদেভির্তা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে রাষ্ট্রদূত জানান, ফিনল্যান্ডের একটি কোম্পানি কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিসাইক্লিং করে প্লাস্টিক শীটে রূপান্তর করতে চায়, যা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে। এছাড়া ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।
বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানান এবং সংস্কারে অবদান রাখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটে ফিনল্যান্ড এক মিলিয়ন ইউরো এবং সুশীল সমাজের মাধ্যমে আরও এক মিলিয়ন ইউরো সাহায্য প্রদান করবে।
অধ্যাপক ইউনূস জানান, কঠোর সংস্কার উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে এবং রিজার্ভ বাড়ছে। তিনি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নিচ্ছেন বলেও জানান। রাষ্ট্রদূত ফিনল্যান্ডের বিনিয়োগকারীদের সফর ও এফডিআই দ্রুত প্রক্রিয়াকরণের জন্য বিডার সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগ, এআই, সাইবার নিরাপত্তা, ও কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রে ফিনল্যান্ডের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

-পার্বত্য সময়