কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) গভীর রাতে ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে ৯টি দোকান।
ক্যাম্পের হেড মাঝি মো. রফিক উদ্দিন জানান, রাত দেড়টার দিকে মেইন রোডের পাশে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। 
খবর পেয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ক্যাম্পের মাঝি এবং সাধারণ রোহিঙ্গারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অতিরিক্ত ডিআইজি ও ১৬ এপিবিএনের অধিনায়ক মো. কাউছার সিকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে।

-পার্বত্য সময়