কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ পাঁচ স্থানীয় জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
অপহৃতরা হলেন- মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, সাবের হোসেন এবং সাইফুল ইসলাম। সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।
ইউএনও শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এখনো তাদের সন্ধান মেলেনি।
বিজিবির তথ্যমতে, গত আট মাসে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অপহৃত হয়েছেন ১৭৬ জন। এর মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।

-পার্বত্য সময়