কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করার সময় মুক্তিপণের দাবিতে পাঁচ জনকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। 
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চাকমা পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার ১৫ জন ব্যক্তি পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। এক পর্যায়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা ১০ জনকে ছেড়ে দেয় এবং অবশিষ্ট ৫ জনকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যারা ছাড়া পেয়েছেন, তারা বাড়ি ফিরে স্বজনদের ঘটনাটি জানান। পরে স্থানীয়রা ইউপি সদস্য হুমায়ুন কবিরকে বিষয়টি অবহিত করেন। তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের পরিবারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে এবং ঘটনাস্থলে তদন্ত চলছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
টেকনাফের পাহাড়ি এলাকায় এই ধরনের অপহরণের ঘটনা নতুন নয়। স্থানীয়রা দ্রুত অপহৃতদের নিরাপদে উদ্ধার এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, অপহৃতদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

-পার্বত্য সময়