সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার রাতে, আনুমানিক সাড়ে তিনটার দিকে, উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
ফুসফুসের সংক্রমণজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মেয়ে, চিকিৎসক শায়লা চৌধুরী জানান, বদরুদ্দোজা চৌধুরী আগে থেকেই ‘ইসকেমিক হার্ট ডিজিজ’ এ ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় গত বুধবার সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আজ শনিবার সকালে তাঁর ছেলে, রাজনীতিবিদ মাহী বি চৌধুরী, তাঁর পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সকাল নয়টার পরে হাসপাতালে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বারিধারায় তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে, যেখানে আরেকটি জানাজার আয়োজন করা হবে।
আগামীকাল রোববার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে তাঁর মরদেহ নেওয়া হবে এবং সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়িতে আরও একটি জানাজার পর তাঁকে দাফন করা হবে।
মাহী বি চৌধুরীর ফেসবুক পোস্ট অনুযায়ী, বদরুদ্দোজা চৌধুরী গত ১৩ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এর পরেও কয়েকবার সেখানে চিকিৎসাধীন ছিলেন।

-পার্বত্য সময়