রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৌদি আরবের সক্রিয় সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক সৌজন্য সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে এবং পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্বকাল স্মরণ করে বলেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সৌদি আরব সফরকে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে দুই দেশই মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথা স্বীকার করে। মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ড. খলিলুর রহমান দুই দেশের ভূ-কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সৌদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।