সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে এক রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দালাল চক্রের এক সদস্যও রয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় ডোনা বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় মো. আলী হোসাইন (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা। তার কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকা পরিবারের কাছে যাওয়ার উদ্দেশ্যে দালাল চক্রের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজ (৪০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মুঠোফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে জানিয়েছেন—রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির উদ্দেশ্যে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত সুরক্ষা জোরদারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।