মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবদুল করিম খন্দকার বীর উত্তমের (এ কে খন্দকার) জানাজা আজ রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে বেলা ১টা ৪৫ মিনিটে তার জানাজা ও গার্ড অব অনার প্রদান করা হবে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুতে জাতি গভীর শোক প্রকাশ করেছে।

এ কে খন্দকার ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সামরিক সংগঠক। ১৯৭১ সালে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৌশলগত দক্ষতা, দৃঢ় নেতৃত্ব ও দেশপ্রেমে তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস ছিলেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠনে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা ও স্বাধীনতা-উত্তর রাষ্ট্রগঠনে অনন্য অবদানের জন্য ২০১১ সালে তাকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করে সরকার।

মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদান স্মরণ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।