গাম্বিয়া সরকারের পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাংলাদেশের সমর্থন চাওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা এ আহ্বান জানান।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, "রোহিঙ্গা মুসলিমদের ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়া সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রেসিডেন্ট এবং গাম্বিয়ার জনগণ এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই, বাংলাদেশও আমাদের পাশে থাকুক।"
অধ্যাপক ইউনূস গাম্বিয়ার উদ্যোগের প্রশংসা করে বলেন, "রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে গাম্বিয়ার অব্যাহত প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা এই মামলার সফলতা কামনা করি এবং বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেবো।"
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "আপনার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে। আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় আপনার পাশে থাকবে।"
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ অংশগ্রহণ এবং আফ্রিকায় ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সহিংসতা রোধের বিষয়েও আলোচনা হয়।
এ সময় রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়