ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু প্রতিশ্রুতি দেন না, সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছেন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সহায়তা কর্মসূচির উদ্বোধন এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, `সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জনগণের কল্যাণে কার্যকর কোনো কাজ হয়নি। বর্তমান সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।'

সরকার ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে হাটহাজারীর বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ, কৃষি বিভাগের আমন মৌসুমের প্রণোদনা প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।