পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা।
সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়িতে সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সকলেই মিলেমিশে সহাবস্থানে থাকতে চাই। আমাদের মধ্যে কোন বৈষম্য থাকবে না।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি সাম্প্রদায়িক সহিংসতা–সংঘাত না করে সকলকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অনুরোধ জানান।
দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ কেজি হারে চাল, ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও সম্প্রতি মৃত তিনজন ব্যক্তির প্রত্যেক পরিবারের মাঝে ১ লাখ টাকার অনুদান চেক বিতরণ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
গত ১লা অক্টোবর অপ্রীতিকর ঘটনায় সংগঠিত সংঘাতে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া, পান খাইয়া পাড়া রোডে ক্ষতিগ্রস্ত ডায়াগনস্টিক সেন্টার, ফার্নিচারের দোকান, ইজি বাইক মালিক কল্যাণ সমবায় সমিতি অফিস, বিউটি পার্লার, গার্মেন্টস ও পোশাকের দোকান, মনিহারি দোকান পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় ক্ষতিগ্রস্তদের তিনি শান্ত্বনা দেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

-পার্বত্য সময়