পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সরকার সমদৃষ্টিভঙ্গি রাখে এবং প্রতিটি ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, কঠিন চীবর দান শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়- এটি শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের প্রতীক।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। শান্তিপূর্ণ পরিবেশ ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিভ্রান্তিকর তথ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় সতর্ক থাকতে হবে।

তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে এই কঠিন চীবর দান আয়োজন নিঃসন্দেহে মর্যাদার বিষয়। এটি বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যকে নতুন মাত্রা দেবে।

দিনব্যাপী আয়োজনে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের। উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, উপ সংঘ-নায়ক রতনশ্রী মহাথের, মিরপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ভবেশ চাকমা প্রমুখ।