খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা জারির মধ্যেই রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে উপজেলার রামেসু বাজারে অগ্নিসংযোগ করা হয়, এতে বাজারের বেশ কয়েকটি দোকান ও আশপাশের বসতবাড়ি পুড়ে যায়।

জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুইমারা উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত ওই বাজারে আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের অধিকাংশই পাহাড়ি সম্প্রদায়ের।

এর আগে ১৪৪ ধারা জারির মধ্যেই ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে গুইমারায় সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধ তুলে নিতে বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।  জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার গণমাধ্যমকে বলেন, “গুইমারায় সংঘর্ষের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

উল্লেখ্য, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় শনিবার থেকে গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।