রোহিঙ্গা শরণার্থী সংকট পরিদর্শনের উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও পুলিশ সুপার।

বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যান, যেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরে বিকেলে তিনি রোহিঙ্গা ক্যাম্পে যান এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক লাখেরও বেশি রোহিঙ্গার সাথে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

পরিদর্শন ও ইফতার শেষে দুজনই সন্ধ্যায় ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 -পার্বত্য সময়