ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা- ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে বিমানবন্দরে আনা হয়। দুপুর ১টা ৪০ মিনিটে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় এবং দুপুর ১টা ৫০ মিনিটে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ব্রেন স্টেমে গুরুতর আঘাত এবং মস্তিষ্কে অতিরিক্ত ফোলা (সেরিব্রাল ইডেমা) থাকায় তার রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা দিচ্ছিল। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে। তবে আজ পর্যন্ত তার সর্বশেষ অবস্থা নিয়ে মেডিকেল টিম নতুন কোনো তথ্য প্রকাশ করেনি।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আয়োজিত এক কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
গত কয়েক দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে হাদির চিকিৎসার বিষয়ে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছে সরকার। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।


