ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে স্পিকার নির্বাচিত করা হয়।
এর আগে সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদের জ্যেষ্ঠতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে তিনি জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য তিনি মাত্র একজন সদস্যের মনোনয়নপত্র পেয়েছেন।
তিনি বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম স্পিকার পদে প্রস্তাব করা হয়েছে। তার নাম প্রস্তাব করেন বরগুনা-৩ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এবং প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরবর্তীতে সংসদে প্রস্তাবটি ভোটে তোলা হলে উপস্থিত সদস্যরা ‘হ্যাঁ’ বলে সমর্থন জানান। এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।