জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের অংশ বিশেষ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান। তিনি বলেন, ট্রাইব্যুনাল যে অংশটুকু পড়ে শোনাবে, কেবল সেটিই অনুমতি সাপেক্ষে বিটিভি লাইভ সম্প্রচার করবে। দেশের অন্যান্য গণমাধ্যম বিটিভির সিগন্যাল থেকে তা সরাসরি প্রচার করতে পারবে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার তিন আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাদের মধ্যে সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন