দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এসব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
সকাল ১০টায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীতে অতি ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনজনিত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-পার্বত্য সময়