প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
২০ মে (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলির ওপর বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টা দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করার ওপর জোর দেন।

-পার্বত্য সময়