নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জনগণের প্রতি বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙামাটির মোনঘর মঠে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনে যাওয়ার জন্য এই সরকার কাজ শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচনের একটি মাস নির্ধারণ করা হয়েছে, তাতেই হয়তো নির্বাচন হবে। সুতরাং দয়া করে আপনারা এই সরকারকে সহায়তা করুন, যেন আমরা নির্বাচনটি ভালোভাবে করে দিয়ে এই দেশকে গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপহার দিতে পারি। এই দেশের মানুষের মূল্যবোধ ও আর্থিক সক্ষমতা বাড়িয়ে দিতে পারি।”

এ সময় তিনি আরও বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। দিবসটি উপলক্ষে আগামী বছর থেকে একদিনের সরকারি ছুটির দাবি জানাচ্ছি।”

সুপ্রদীপ চাকমা জানান, এবার প্রথমবারের মতো “জাতীয় কঠিন চীবর দান” আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “আমি আশা করি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এর মাধ্যমেই পাহাড় ও সমতলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন মোনঘরের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রায় তিন শতাধিক ভিক্ষু ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন। পঞ্চশীল প্রার্থনা শেষে অতিথিরা ভিক্ষু সংঘের হাতে চীবর তুলে দেন।