বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিদিন দুই-চারজন রোহিঙ্গা বাংলাদেশে আসছে। তাদের সংখ্যা বাড়ছে। আমরা আর কতদিন তাদের খাইয়ে পরিয়ে রাখব বলে মন্তব্য করেছেন ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে তিনি এসব কথা বলেন।
মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, , মানবাধিকার ইস্যুতে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। আমরাও তাদের কাছে সহযোগিতা চেয়েছি।
উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার কি কি সংস্কার করছে সেগুলো তারা জানতে চেয়েছিল। আমরা তাদের সেগুলো জানিয়েছি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীর সদস্য ভালো কাজ করে উল্লেখ করে তারা বেশ প্রশংসা করেছেন। বিভিন্ন দেশের শান্তিরক্ষী মিশনে বাহিনীর ছোটখাটো সমস্যা থাকে। কিন্তু আমাদের পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী বা কোনো বাহিনীর কোনো সমস্যা হয় না। এ বিষয়ে তারা আমাদের ধন্যবাদ জানিয়েছেন।
উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। আমরা বলেছি, আমাদেরই অনেক জনগণ, কিভাবে আমরা রোহিঙ্গাদের এতদিন রাখব? প্রতিদিন রোহিঙ্গা দুই-চারজন করে আসছে। তাদের সংখ্যা বাড়ছে। আমরা কতদিন তাদের খাওয়ায় পরায় রাখব? ফলে তারা যেন দ্রুত তাদের দেশে ফেরত যেতে পারে সে ব্যাপারে সহযোগিতা চেয়েছি। এ ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
উপদেষ্টা বলেন, আপনারা জানেন, বর্ডার কিন্তু এখন আরাকান আর্মিদের দখলে চলে গেছে। মিয়ানমার আর্মি পিছু হটে গেছে। এখন এখানে অন্য ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। এ বিষয় তারা সহযোগিতা করতে চেয়েছে। রোহিঙ্গাদের খাওয়া পরার জন্য আমাদের প্রচুর খরচ হচ্ছে। এদের একটি অংশ অন্যদেশেও নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা করা যাচ্ছে না। একটি দেশ কিছু রোহিঙ্গাদের নিতে চেয়েছিল। কিন্তু তাদের সংখ্যা এত কম যে বলার মতো না।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। তারা একটি রিপোর্ট দেবে। তাদের রিপোর্ট এর ওপর ভিত্তি করে আমরা রোহিঙ্গাদের নিয়ে একটা সিদ্ধান্ত নেব।
-পার্বত্য সময়


