স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আর কোনো পরীক্ষা না নিয়ে এরই মধ্যে নেওয়া পরীক্ষা ও এসএসসির ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে ৪ দিন ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বলেন, বিগত সময়ে সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হবে। বুধবার থেকে সেই কাজ শুরু হবে। কমিটির চূড়ান্ত সুপারিশ অনুযায়ী সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে স্থগিত পরীক্ষা না দিয়ে অটোপাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা। একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা শিক্ষা মন্ত্রণালয়ে যান। সেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সে সময় সচিবালয়ের সব প্রবেশপথ আটকে দেওয়া হয়। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে একই দাবিতে গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন তারা।
পরীক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশের আগে, সকালে এইচএসএসি ও সমমানের স্থগিত পরীক্ষা আরেক দফা স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা দুই সপ্তাহ পিছিয়ে যাবে। তবে পূর্ণ নম্বরে নয়, অবশিষ্ট পরীক্ষাগুলো হবে অর্ধেক নম্বরে।
কিন্তু শিক্ষার্থীরা সে সিদ্ধান্তও মেনে নেননি। তারা বাকি পরীক্ষাগুলো বাতিলের দাবি জানান। কারণ হিসেবে তারা বলেন, আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে, বিষয়গুলোর মার্কিং কীভাবে হবে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেয় শিক্ষা বোর্ড।

-পার্বত্য সময়