কক্সবাজারের টেকনাফে আবারও সংঘবদ্ধ মানবপাচার চক্রের কার্যক্রমের সন্ধান মিলেছে। স্থানীয় পাহাড়ি গহিন জঙ্গল ও সমুদ্রপথকে ব্যবহার করে এসব চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রেখেছিল। এই চক্রের দৌরাত্ম্য ঠেকাতে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে টেকনাফ উপজেলার রাজাছড়া এলাকায় বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান শুরু করে।
অভিযান চলাকালে একাধিক পাহাড়ি আস্তানার সন্ধান মেলে। রোববার রাত পর্যন্ত এসব আস্তানা থেকে সমুদ্রপথে পাচারের অপেক্ষায় থাকা ৮৪ জনকে উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে আটক মানবপাচারকারীদের দেওয়া তথ্য ও নজরদারির ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছে। এদের মালয়েশিয়ায় চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চলছিল।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে গত চার দিনে মানবপাচারকারীদের আস্তানা থেকে ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিজিবি জানায়, চলতি বছর টেকনাফ সীমান্ত এলাকা থেকে মোট ৬২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসে আটক হয় ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে (এ পর্যন্ত) ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

-পার্বত্য সময়