আবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। ইতিমধ্যে তিনি কক্সবাজার এসে পৌঁছেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। এর আগে সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। একইদিন দুপরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার এসে পৌঁছান। তিনি বর্তমানে কক্সবাজারের একটি হোটেলে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি।
২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফরে থাকবেন করিম এ এ খান। কক্সবাজারে গিয়ে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এদিকে, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান জানান, আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটরের প্রস্তাবিত 'উইটনেম প্রোটেকশন প্রটোকল' চূড়ান্তকরণের কার্যক্রমও শেষ হওয়ার পথে রয়েছে। উক্ত বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।
রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।
রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এই আদালত। তবে, রোম সনদে সই করেনি মিয়ানমার।
-পার্বত্য সময়


