ভারত সুপরিকল্পিতভাবে রোহিঙ্গাসহ অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে- এমন অভিযোগ তুলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সম্প্রতি ২০২ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে ৫ জন ভারতে নিবন্ধিত। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিজিবি প্রধান বলেন, “এটি একেবারেই সুপরিকল্পিত কার্যক্রম। বিষয়টি আমরা কূটনৈতিকভাবে ভারতের কাছে প্রতিবাদ করেছি।”
সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তারা জানান, বিএসএফ-এর এই আচরণ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে ভারতের এই আচরণ শুধু সীমান্ত নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসংখ্যা ভারসাম্যের জন্যও নতুন হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-পার্বত্য সময়