নৈমিত্তিক বিষয়ের অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য মেডিকেল টিম গঠন নিয়ে এবার ভারতীয় গণমাধ্যমে অসুস্থতার গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। তারা বিষয়টি নিয়ে কাউকে গুজব না ছড়াতে এবং গুজব কান না দিতে অনুরোধ করেছেন। 
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান এই অনুরোধ জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’ এই অফিস আদেশের সূত্রে দাবি করছে, ড. ইউনূসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। যদিও একই প্রতিবেদনের আরেক অংশে বলা হচ্ছে, 'তবে হার্টের কোনো জটিল সমস্যায় ভুগছেন কিনা জানা যায়নি।'  
রিউমার স্ক্যানারের টিম অনুসন্ধানে জানতে পারে, ড. ইউনূসের সাম্প্রতিক শারীরিক অসুস্থতাজনিত তথ্য ও ছবি সঠিক নয় বরং ড. ইউনূস সুস্থ রয়েছেন। তাছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশটি একটি নৈমিত্তিক বিষয় এবং হাসপাতালের ছবিটি বাংলাদেশের বা সাম্প্রতিক সময়েরও নয়। 
তবে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, ড. ইউনূস সুস্থ আছেন। আজও বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন স্বশরীরে। একইসঙ্গে যে কাগজের কথা বলা হচ্ছে, সেটা রুটিন ওয়ার্ক। সব সরকারপ্রধানের ক্ষেত্রে এই শিডিউল রাখা হয়।

-পার্বত্য সময়