মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। খুন হওয়া আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, দাবিটি মিথ্যা এবং এটি অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশীষ শর্মা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সকলকে যেকোন প্রকার উস্কানিমূলক, মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আইনজীবিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবি দাবি করে উস্কানিমূলক সংবাদ প্রকাশ করে পশ্চিমবঙ্গ ভিত্তিক ভারতীয় টিভি চ্যানেল 'রিপাবলিক বাংলা।'
-পার্বত্য সময়


