বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানের সদস্যপদ অর্জনে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশিদের ব্যবসার সুযোগ আরও প্রসারিত করার আহ্বান জানান। রবিবার (৩ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে আসা ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন ড. ইউনূস।
ড. ইউনূস রাষ্ট্রদূতকে জানান যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও আসিয়ান সদস্যপদ প্রসঙ্গে আলোচনা হয়েছে, বিশেষত মালয়েশিয়া আগামী জানুয়ারিতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করছে।
রাষ্ট্রদূত সুবোলো বাংলাদেশ সরকারের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান এবং বলেন, ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্যপদ বিষয়ে বাংলাদেশের আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এছাড়া ড. ইউনূস ইন্দোনেশিয়ায় আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসক এবং ওষুধের বাজার বিস্তারের আহ্বান জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং ২০২৪ সালের জুলাইয়ে মাতারবাড়ি ও অন্যান্য প্রকল্পে পারটামিনা পাওয়ার ইন্দোনেশিয়া ও কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
ড. ইউনূস ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
-পার্বত্য সময়


