কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি, মানবিক সহায়তা সংকট, জীবিকার চ্যালেঞ্জ এবং প্রত্যাবাসনের অচলাবস্থা নিয়ে ঢাকায় এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এ সেমিনার।
‘রোহিঙ্গা শরণার্থী সঙ্কট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ ও জীবিকার চ্যালেঞ্জ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর পিস বিল্ডিং ডিপার্টমেন্ট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক সহায়তা হ্রাস, জীবিকার ওপর প্রভাব, দারিদ্র্য ও মানবপাচারের ঝুঁকি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার অচলাবস্থা নিয়ে বিশদ আলোচনা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বৈশ্বিক নানা সঙ্কট আন্তর্জাতিক দাতাদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিয়েছে। ফলে রোহিঙ্গা সঙ্কটে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রয়োজনীয় সেবা ও জীবিকা কর্মসূচিতে ৭০ শতাংশ পর্যন্ত কাটছাঁট হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক থাকবেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ডিন ড. আবু বকর সিদ্দিক। আলোচনার মডারেটর হিসেবে থাকবেন ড. ইমাদুল ইসলাম, সিনিয়র রিসার্চ ফেলো, ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান।
প্যানেল আলোচনায় অংশ নেবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ খান, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ফাহিম হুসেইন।
আলোচনা শেষে উন্মুক্ত সেশন ও সমাপনী বক্তব্য থাকবে। সেমিনারের প্রাপ্ত সুপারিশসমূহ একটি নীতি-প্রস্তাব আকারে প্রণয়ন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমন্বয় করা হবে।
এই প্রস্তাব আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার’ সম্মেলনে উপস্থাপন করা হবে।

-পার্বত্য সময়