সেনাবাহিনীর প্রধানের সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্ব দিয়ে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান যে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গভীর উদ্বেগের বিষয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "যখন সেনাপ্রধান বারবার রাষ্ট্রের সার্বভৌমত্বের হুমকি সম্পর্কে সতর্ক করছেন, তখন তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জরুরি বৈঠক আয়োজন করে কারণ বিশ্লেষণ ও উত্তরণের পথ খুঁজে বের করা প্রয়োজন।"
সর্বদলীয় বৈঠকের আহ্বান
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সেনাপ্রধানের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও দায়িত্ববোধের বিষয়টি উঠে এসেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যেমন সেনাবাহিনীর, তেমনি রাজনৈতিক দলগুলোরও রয়েছে। তাই সম্ভাব্য হুমকি মোকাবিলায় দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, "পেশাগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধান যেসব বিষয় অবগত আছেন, রাজনৈতিক দলগুলো তা নাও জানতে পারে। তবে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী সর্বদলীয় বৈঠকের মাধ্যমে করণীয় নির্ধারণ করাই যৌক্তিক।"
জরুরি পদক্ষেপের দাবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, সেনাপ্রধানের শঙ্কাকে আমলে নিয়ে অবিলম্বে সর্বদলীয় বৈঠকের আয়োজন করে সম্ভাব্য সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
-পার্বত্য সময়


