রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ বিমান নয়; এটি একটি যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআর এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন।
বার্তায় বলা হয়, মাইলস্টোন দুর্ঘটনায় কিছু সংবাদমাধ্যম প্রশিক্ষণ বিমানের উল্লেখ করলেও, এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান ছিল। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছিল।
আইএসপিআর জানায়, গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলা বিমানঘাঁটি ‘এ কে খন্দকার’ থেকে উড্ডয়ন করে এই চীনে তৈরি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের দোতলা ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হওয়া বলে ধারণা করা হচ্ছে।
আজ সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে এবং আহত ১৭১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিমান বিধ্বস্ত হওয়ার পর স্কুল ভবনে আগুন লাগে। এসময় দগ্ধ শিশুদের আর্তনাদ এবং তাদের খোঁজে উৎকণ্ঠিত অভিভাবক ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারাক্রান্ত হয়ে ওঠে।