বাংলাদেশ ও এদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ইতালির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া ত্রিপোদি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ইতালি সরকারের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
মারিয়া ত্রিপোদি বলেন, ইতালি বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গাদের জন্য উন্নয়ন সহায়তা চালিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, ইতালির অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে টেক্সটাইল, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে।
প্রধান উপদেষ্টা ইতালির শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান এবং দুই দেশের তরুণদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিনিময় কর্মসূচির প্রস্তাব দেন।
ভাইস মিনিস্টার বলেন, "আমরা আশা করি সংস্কার প্রক্রিয়া সফলভাবে এগিয়ে যাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইতালি সবসময় বাংলাদেশের পাশে থাকবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ ও ইতালি ঘনিষ্ঠ অংশীদার। বহু বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন এবং তারা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।"
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে একযোগে কাজ করার আহ্বান জানান মারিয়া ত্রিপোদি। জবাবে প্রধান উপদেষ্টা বৈধ অভিবাসন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা ইতালির ভাইস মিনিস্টারের সফরকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিনের সংকটের অবসান হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, ঠিক এ সময় আপনার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"
অধ্যাপক ইউনূস বলেন, "আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং জনগণের রাজনৈতিক আস্থার পুনঃপ্রতিষ্ঠা আমাদের অন্যতম লক্ষ্য।"
এর জবাবে ইতালির ভাইস মিনিস্টার বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের মন্ত্রী পর্যায়ের এটিই প্রথম বাংলাদেশ সফর। সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
-পার্বত্য সময়


