ক্ষমতায় এলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধান নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
ইশতেহারে পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জামায়াত জানায়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
দলটি জানায়, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।
ইশতেহারে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধির অঙ্গীকার করে জামায়াত জানায়, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোতে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার করা হবে। পাশাপাশি সার্ক ও আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা এবং বৈধ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিও দেওয়া হয় ইশতেহারে।


