রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি আশ্রয়দাতা সম্প্রদায়ের ক্ষমতায়নে তিন দশমিক তিন মিলিয়ন (৩৩ লাখ) ডলার সহায়তা দেবে জাপান। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাপান দূতাবাসে জাপান ও ইউএনএফপিএর মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়েছে।
ঢাকার জাপান দূতাবাস জানায়, ইউএনএফপিএ ও জাপান সরকার রোহিঙ্গা শরণার্থী নারী ও মেয়েদের পাশাপাশি বাংলাদেশে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নে এক যুগান্তকারী অংশীদারত্ব ঘোষণা করেছে।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আমি আশা করি যে এই সহায়তা নারী ও কিশোরীদের সুরক্ষা, তাদের মর্যাদা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখবে।
ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, তার সংস্থা নারী স্বাস্থ্যসেবা বাড়াতে এবং কক্সবাজার ও নোয়াখালী জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে সংযোগ জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম হবে।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট সাত বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী একটি সুরক্ষা সংকট, যা উল্লেখযোগ্যভাবে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায় উভয়ের জীবন, নিরাপত্তা ও মঙ্গলকে প্রভাবিত করে।
জাপান সরকার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ শক্তিশালী করার জন্য ইউএনএফপিএর প্রচেষ্টাকে সমর্থন করছে। এ লক্ষ্যে তিন দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
- -পার্বত্য সময়


