জামা‘আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর প্রধান মাওলানা সাইদুর রহমানের আটকাদেশ আরও ৬০ দিন বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ আটক রয়েছেন।
আটক মাওলানা সাইদুর রহমান ওরফে আবু জাফর ওরফে আইয়ুব আলী ওরফে সাইদুল রহমান (৬৯)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামের মৃত মৌলভী আব্দুল মতিনের ছেলে। তার বর্তমান ঠিকানা হবিগঞ্জ সদর উপজেলার অন্তরপুর আবাসিক এলাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় গত ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৩০ দিনের জন্য তাকে ডিটেন্যু হিসেবে আটক রাখার আদেশ দিয়েছিল। সেই অনুযায়ী তার আটকাদেশের মেয়াদ গতকাল ১৯ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আরও ৬০ দিনের জন্য তার আটকাদেশ বৃদ্ধি করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, জে এমবির শীর্ষ এই নেতার বিরুদ্ধে উগ্রবাদী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে ডিটেন্যু হিসেবে আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


