খাগড়াছড়ি জেলায় চলমান উত্তেজনার মধ্যে এবার জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারকে ঘিরে পরিকল্পিত হামলা ও নাশকতার চেষ্টা ব্যর্থ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিহারের পাশের সড়ক থেকে তিন পাহাড়ি যুবককে আটক করা হয়।
আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ সমর্থিত ‘জুম্ম ছাত্র-জনতা’ সংগঠন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। ভোর থেকেই চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় ইউপিডিএফ কর্মীরা মসজিদ ও বাঙালি গ্রামে হামলা, দোকানপাট লুটপাট ও ভাঙচুর চালায়। এর আগের দিন (২৬ সেপ্টেম্বর) তারা সেনা টহলের উপরও হামলা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর দুইটায় খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় এবং বিকেল তিনটার দিকে গুইমারায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে সন্ধ্যার দিকে উত্তেজনা আরও বেড়ে যায় এবং অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সূত্র- হিল নিউজ বিডি


