প্রায় এক দশক পর পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর এবার তিনি লন্ডনে ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
২০১৫ সালে সর্বশেষ লন্ডনে ইদ করেছিলেন খালেদা জিয়া। সে সময় তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবার একসঙ্গে ইদ উদযাপন করেছিল। এবারও তারেক রহমান, পূত্রবধূ ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাবেন বিএনপি প্রধান।
দীর্ঘ অসুস্থতার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "আগের তুলনায় তিনি কিছুটা সুস্থবোধ করছেন, যা পরিবারের জন্য স্বস্তির বিষয়। তবে এখনো তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে।"
বিএনপি ও পারিবারিক সূত্র জানায়, ইদের পর খালেদা জিয়া দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষ মেডিকেল ব্যবস্থাপনা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে। কাতার সরকার তাকে লন্ডনে নেওয়ার সময় যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল, এবারও তেমন কিছু হতে পারে বলে দলীয় নেতারা আশা করছেন।
বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা তার ফেরাকে ‘রাজনৈতিক পুনরুত্থানের’ সম্ভাবনা হিসেবে দেখছেন।
দলের নেতাকর্মীরা মনে করছেন, খালেদা জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন গতি আসতে পারে। যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ইদের পরপরই বিষয়টি আরও স্পষ্ট হতে পারে বলে জানা গেছে।

-পার্বত্য সময়