বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন।
দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের জাতীয় সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
পরে উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় শুল্ক সুবিধা ও বাণিজ্য সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক প্রয়াস হিসেবে এই সফর গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকদের অভিমত।

-পার্বত্য সময়