সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; বরং মিয়ানমারের পুরোনো একটি হত্যাকাণ্ডের দৃশ্য।

স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিম এক প্রতিবেদনের মাধ্যমে জানায়- যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মিয়ানমারভিত্তিক গণমাধ্যম The 74 Media তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিল। সেখানে “Video of Shan National Army (SNA) stabbing and killing five civilians” শিরোনামে প্রতিবেদনে ভিডিয়োটির বিশদ তথ্য তুলে ধরা হয়।

ভিডিয়োতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত দুজন ব্যক্তি কয়েকজন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করছে। প্রতিবেদনে জানানো হয়, হত্যাকারীরা মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন Shan National Army (SNA)-এর সদস্য। ঘটনাটি মিয়ানমারের সাগাইং অঞ্চলের সেজিন গ্রামে সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ভিডিওটি ধারণকারী মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল সেই এলাকা থেকেই। নিহত পাঁচজনের পরিচয়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়— উ ফো সি (৬৭), কো কাউং মিয়াত থু রেইন (২০), কো জাও মিও ত্বে (২৩), উ ফো ইয়াও (৪২) এবং উ চিত সান মাউং (৩৮)।
অতএব, মিয়ানমারের এই ঘটনাকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী গোষ্ঠীর নামে ছড়িয়ে দেওয়া সম্পূর্ণ ভ্রান্ত ও বিভ্রান্তিকর প্রচেষ্টা।
-পার্বত্য সময়


