পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল আর্মি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এ কারণে সেখানকার যুব সমাজ কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে। যার ফলে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। 
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা প্রসঙ্গে আবদুল হাফিজ বলেন, আমরা বলেছি, কুকি-চিনের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে। এ পর্যন্ত অভিযান করতে গিয়ে আমাদের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। অনেক সেনা সদস্য আহত হয়েছেন। এ অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত।
এছাড়া গত আগস্টে লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্যে চারভাগের তিনভাগ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "পর্যায়ক্রমে সব অস্ত্রই উদ্ধার হবে। চলমান 'ডেভিল হান্ট' অভিযানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"

-পার্বত্য সময়