মিয়ানমারের আরাকান রাজ্যের নাফ নদীতে তোতার দ্বীপের নাচদং এলাকায় স্থলমাইন বিস্ফোরণে দুই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। পরে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১৯ নম্বর পিলার থেকে আনুমানিক চার কিলোমিটার মিয়ানমারের অভ্যন্তরে টহল চলাকালে মাটিতে পুঁতে রাখা একটি স্থলমাইনে বিস্ফোরণ ঘটে। এতে দুইজন গুরুতর আহত হন।
আহতরা হলেন উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোস্তাক আহমেদ (২৮) এবং ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শফিক (২৪)। তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
নাফ নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলে জানান, কয়েকজন রোহিঙ্গা ও স্থানীয় দালালদের সহযোগিতায় আহত দুই ব্যক্তিকে নৌকাযোগে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখেছেন তিনি। তবে রাতের অন্ধকারে সঠিকভাবে কতজন অনুপ্রবেশ করেছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
কুতুপালং এমএসএফ হাসপাতাল সূত্র জানায়, ১৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত দুই রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


