এ যেন এক অন্যরকম রাত। সময় মধ্যরাত, স্থান রাজধানীর হাতিরঝিল। অথচ সেখানে জমেছে উৎসবের মেলা, আলোর ঝলকানি, গানের সুর, আর একঝাঁক সোনার মেয়ের বিজয়ের উচ্ছ্বাস। কারণ, ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। আর সেই সাফল্যের স্বীকৃতি দিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজন মধ্যরাতের এই অভূতপূর্ব সংবর্ধনার।
শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলেছে মেয়েরা। যদিও তার তিনদিন আগেই নিশ্চিত হয়েছিল মূল পর্বের টিকিট। কিন্তু বাংলাদেশ দল থেমে থাকেনি, গোলের বন্যা বইয়ে দিয়েছে শেষ ম্যাচেও।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা মিয়ানমার হয়ে থাইল্যান্ড ঘুরে ঢাকায় এসে পৌঁছান। সঙ্গে সঙ্গেই নেওয়া হয় তাদেরকে সংবর্ধনার ভেন্যুতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। রাত ৩টা ১৫ মিনিটে তারা পৌঁছালে হাতিরঝিল আম্ফিথিয়েটারে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। উৎসবে মেতে ওঠেন উপস্থিত সবাই।
উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ অনেকেই। বক্তব্যে সবাই প্রশংসায় ভাসান নারী ফুটবলারদের। দলের অধিনায়ক আফিদা আর ফরোয়ার্ড ঋতুপর্ণার কণ্ঠেও ছিল গর্ব আর কৃতজ্ঞতা।
এ আয়োজনের পেছনে ছিল সময়ের চাপ। ঋতুপর্ণা ও মনিকা সোমবার সকালেই পাড়ি জমাবেন ভুটানে, আরও কয়েকজনেরও রয়েছে ভ্রমণের সূচি। তাই পুরো দল একত্রে থাকার এই স্বল্প মুহূর্তেই আয়োজন করা হয় এই ঐতিহাসিক সংবর্ধনা।
-পার্বত্য সময়


