বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ধীরে ধীরে মিয়ানমার ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২ নভেম্বর) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আবাহওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেটের দুয়েক স্থানে বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
পরবর্তী দুই দিনেও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


