নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটি শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, "সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। আজ সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুইবার হৃৎস্পন্দন ফিরিয়ে আনা গেলেও তৃতীয়বার আর সম্ভব হয়নি।"
সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করে শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
গত সপ্তাহে মাগুরায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। দেশের মানুষের আবেগ ও ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল এই ঘটনা। সেনাবাহিনীর হস্তক্ষেপে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হলো না।
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সারাদেশের মানুষ।

-পার্বত্য সময়