না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী (৮২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মতিয়া চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ উপনেতা ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।
১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মতিয়া। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ১৯৬৪ সালের ১৮ জুন শেরপুরের খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
- -পার্বত্য সময়


